নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাঙ্গায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অপরাধে সুমন হাওলাদার (২৪) নামের এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ও ভুক্তভোগী শিশুর নানি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত সুমন ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বাসিন্দা। ভুক্তভোগী শিশুর বাড়িও একই গ্রামে।
রাষ্ট্রপক্ষ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৬ জুন ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন সুমন। এ ঘটনায় মামলা হলে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী ভূঁইয়া বলেন, ‘শিশুদের প্রতি এ ধরনের অপরাধের বিরুদ্ধে আদালতের এই রায় অপরাধীদের জন্য সতর্কবার্তা। সমাজে এ ধরনের অপরাধ প্রতিরোধেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।’
