নড়াইলে সাবেক এমপি ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার নির্দেশে দুজন বিএনপি নেতা খুন হয়েছে। তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমজনতার দল’ এর উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তিনি এ দাবি জানান।
তিরি বলেন, একজন খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজা আমাদের আবেগ ও ভালোবাসার নাম ছিল। আমরা ছোটবেলা থেকে বেড়ে উঠেছি তার খেলা দেখে। অথচ নড়াইলে মাশরাফি বিন মর্তুজার নির্দেশনায় দুইজন বিএনপি নেতাকে খুন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলবো, এখনো পর্যন্ত কেন ওই খুনি মাশরাফি বিন মর্তুজাকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই?
রাশেদ খাঁন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেককে গ্রেফতার করা না হলেও বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ‘ডামি শিক্ষামন্ত্রী’ নাহিদ এবং প্রতিমন্ত্রী হিরু একে একে গ্রেফতার হয়েছেন। আওয়ামী লীগের বাকি যেসব নেতাকর্মী ও ‘চেলা-চামুণ্ডা’ পালিয়ে আছে, তাদেরও গ্রেফতার করে উচিত জবাব দেওয়া হবে।
গণঅভ্যুত্থান ও সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানে ১৪শ-এর অধিক মানুষ জীবন দিয়েছে। জাতিসংঘ স্বীকৃত যে আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ করেছে, এখন তারা গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও করে যুদ্ধাপরাধ করছে। এই পরিস্থিতিতে দলমত নির্বিশেষে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানের কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াত ও এনসিপিসহ গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তি এই ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আওয়ামী লীগের প্রেতাত্মাদের উচিত জবাব দেবে।
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, বাংলাদেশে এখনো যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে হোক সে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী কিংবা তথাকথিত ভালো বা সুশীল আওয়ামী লীগ এগুলো দেখার সময় নেই। সব আওয়ামী লীগকে দিল্লিতে পাঠিয়ে দিতে হবে। দিল্লিকে আওয়ামী লীগের একমাত্র ঠিকানা। বাংলাদেশে দলটির আর কোনো ঠিকানা হবে না।
