ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. টপ নিউজ
  8. ধর্ম
  9. পর্যটন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লিড নিউজ
  13. শিক্ষা
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ডুবেছে কাটা ধান-পেঁয়াজের খেত, বিপাকে বালিয়াকান্দির কৃষক

Doinik Kumar
নভেম্বর ২১, ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকার কৃষকের কাটা ধানসহ অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক দিনের বৃষ্টিতে জমিতে পানি জমে কেটে রাখা ধান ডুবে গেছে। কোনো কোনো জমিতে ধানের আঁটি ও শীষ পানির ওপর ভাসতে দেখা যাচ্ছে। একইভাবে পেঁয়াজের খেতেও পানি জমেছে। ফলে উৎপাদন খরচ ও শ্রমের অর্থ তুলতে পারবেন কি না, তা নিয়ে উদ্বেগে রয়েছেন কৃষকেরা।

শনিবার (২১ নভেম্বর) সরেজমিনে উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল কলেজপাড়া ও রায়পুর গ্রামের মাঠ ঘুরে ফসলের এমন ক্ষতিগ্রস্ত চিত্র দেখা গেছে। মাঠের বিস্তীর্ণ এলাকায় কাটা ধান পানির নিচে ডুবে আছে, কোথাও আবার পানির ওপর ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। অনেক জমিতে পানি জমে থাকায় ধান শুকানো ও মাড়াই করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি পেঁয়াজের খেতে পানি জমায় চারা ও গাছ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা।

স্থানীয় কৃষকেরা জানান, গত দুই থেকে তিন দিন ধরে বিরতি দিয়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। শুরুতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও শুক্রবার (২০ নভেম্বর) তা বেড়ে যায়। এতে জমিতে কেটে রাখা ধান পানিতে তলিয়ে যায়। দীর্ঘদিনের পরিশ্রম, পরিচর্যা, সার ও সেচের খরচের পর ফসল ঘরে তোলার মুহূর্তে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা তাঁরা কল্পনাও করেননি।

বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের চন্দনা নদীর তীরবর্তী এলাকার কৃষক রকিবুল ইসলাম জানান, তিন দিন আগে তিনি ধান কেটে জমিতে রেখেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে জমিতে পানি জমে তাঁর কাটা ধান ভেসে গেছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তিনি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল, ২০ ও ২১ নভেম্বর দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। অধিদপ্তরের ২০ নভেম্বর প্রকাশিত পর্যবেক্ষণ তথ্যে দেখা যায়, আগের ২৪ ঘণ্টায় ফরিদপুরে ৫১ মিলিমিটার, মাদারীপুরে ৪৩ মিলিমিটার এবং গোপালগঞ্জে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বালিয়াকান্দির পৃথক বৃষ্টিপাতের পরিমাণ পাওয়া যায়নি। শনিবার বালিয়াকান্দিতে বৃষ্টি না হওয়ায় আকাশ পরিষ্কার হয়ে হালকা রোদের দেখা মিলেছে।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ জানান, উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে ইউনিয়ন পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা ইতিমধ্যে সরেজমিনে মাঠ পরিদর্শন করেছেন। আগের দিনের প্রতিবেদনও পাওয়া গেছে। শনিবার ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করছেন। সব প্রতিবেদন হাতে পাওয়ার পর কৃষকদের ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করে কৃষি বিভাগ তাদের পাশে দাঁড়াক। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সরকারি প্রণোদনা, প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।