ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে সালথা শাখার ভবনে এ ঘটনা ঘটে। এসময় ভবনের নিচতলায় আগুন জ্বলতে দেখে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কর্মীরা ছুটে এসে দ্রুত তা নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ব্যাংকটি।
গ্রামীণ ব্যাংক সূত্রে জানা গেছে, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের সালথা শাখার ভবনে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা মশালে কেরোসিন ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। পরে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে শাখা ব্যবস্থাপক মো. রাজীব হোসেন ও তার সহকর্মীরা দ্রুত নিচে নেমে আসেন। এরপর মোটরের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এ ঘটনায় ব্যাংকের তেমন কোনো ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংক সালথা শাখার ব্যবস্থাপক রাজীব হোসেন বলেন, ‘রাতে আমি নিজের কক্ষে শুয়ে ছিলাম। এসময় জানালা দিয়ে নিচ থেকে ধোঁয়া আসতে দেখি। তাৎক্ষণিকভাবে নিচে নেমে দেখি আগুন জ্বলছে। পরে সহকর্মীদের নিয়ে মোটরের পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হই।’
তিনি আরও বলেন, সকালে বিষয়টি সালথা থানা-পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সালথা থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
