নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরে পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কে যানজট ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় জানানো হয়, মহাসড়কে কোনো অবস্থাতেই পশুর হাট বসতে দেওয়া হবে না। একই সঙ্গে মাঝরাস্তায় পশু ওঠানামা বন্ধ, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং রোধ, লক্কড়-ঝক্কড় ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধে কঠোর নজরদারি থাকবে। ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় পশুর হাটে সিসি ক্যামেরা এবং জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা হবে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং বেইলি ব্রিজ থেকে থানা পর্যন্ত সড়ক ফুটপাতমুক্ত রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া ঈদের দীর্ঘ ছুটিতে ব্যাংক এলাকা ও মার্কেটগুলোতে নিরাপত্তা জোরদারে টহল পুলিশ মোতায়েন থাকবে। সভায় অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফাতেমা ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এবং ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ স্থানীয় সিনিয়র সাংবাদিক ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
