নিজস্ব প্রতিবেদক
ঈদুল আজহার ছুটিতে ফরিদপুরের সড়ক ও মহাসড়কে পৃথক ছয়টি দুর্ঘটনায় সাতজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ঈদের আগের দিন বুধবার থেকে রোববার দুপুর পর্যন্ত ঘটনাগুলো ঘটে। নিহতদের পাঁচজনই তরুণ এবং অধিকাংশ দুর্ঘটনায় মোটরসাইকেল জড়িত।
ঈদের আগের দিন বুধবার রাত ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্বসদরদী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুল মোল্লা (২৩) ও আলী ইমরান শরীফ (২৪) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুজন।
একই দিন আলফাডাঙ্গা উপজেলায় নছিমন উল্টে উমর শেখ (২১) নিহত হন। ঈদের ছুটিতে বাড়ি এসে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
ঈদের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য আলিমুজ্জামান মাতুব্বর (৫৫)। একই দিন ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দায় গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন রাজন শেখ (১৮)। গুরুতর আহত ইব্রাহিম ফকির (১৭) হাসপাতালে মারা যান। একই বিকেলে চরভদ্রাসনে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন ময়না খাতুন (৬৫)।
সবশেষ রোববার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ঝাটুরদিয়া এলাকায় রাজিব পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এতে অন্তত ২৫ জন যাত্রী আহত হন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন আক্তার সুইটি জানান, বাস দুর্ঘটনায় ভর্তি হওয়া আহতদের কারও অবস্থা গুরুতর নয়।
নগরকান্দা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। ছুটির দিনগুলোতে মহাসড়কে মোটরসাইকেলের অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণহীন চলাচল এসব দুর্ঘটনার পেছনে মূল কারণ বলে পুলিশ মনে করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
