নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ খানের বাড়ি থেকে উদ্ধার হওয়া মুয়াজ্জিনদের ভিজিএফের চাল অবশেষে বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সংসদ সদস্য ডা. মো. ইলিয়াস মোল্লা এই চাল বিতরণ করেন। এর আগে গত বুধবার রাতে সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ ও পৌর সচিব মনিরুজ্জামান শিকদার যৌথ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ৬৩০ কেজি চাল উদ্ধার করেন। ঈদুল আজহা উপলক্ষে পৌরসভার ৬৭টি মসজিদের মুয়াজ্জিনদের জন্য জনপ্রতি ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছিল।
ইমাম পরিষদের সভাপতি হোসাইন আহমেদ ও সাধারণ সম্পাদক সাহেব আলী বিকেলে চাল উত্তোলন করে সাবেক কাউন্সিলরের বাড়িতে রাখেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে চাল আত্মসাতের অভিযোগ উঠলে প্রশাসন তা উদ্ধার করে।
চাল উদ্ধারের পর ইমাম পরিষদ পৌর সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করে। পৌর সচিব অভিযোগ অস্বীকার করে জানান, বিতরণের চাল অন্যত্র রাখায় তা উদ্ধার করা হয়েছে। অবশেষে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসানের উপস্থিতিতে সংসদ সদস্য বিতর্কিত সেই চাল মুয়াজ্জিনদের হাতে তুলে দিলে ঘটনার নিষ্পত্তি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জেলা প্রশাসকের নির্দেশে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
