নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের দক্ষিণ শিরগ্রাম আলহাজ অলিয়ার রহমান খান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিরগ্রাম শাহাজাদী শিরিন বালিকা বিদ্যালয়ের মাঠের ওপর দিয়ে বয়ে গেছে ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইন। এতে দুই প্রতিষ্ঠানের আড়াই শতাধিক শিক্ষার্থী চরম ঝুঁকির মধ্যে ক্লাস করছে।
ঝড়ের দিনে দুর্ঘটনার আশঙ্কায় অভিভাবকেরা সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে চান না।
জানা গেছে, মাঠের প্রায় ১০০ মিটার দূরত্বে দুটি খুঁটি থাকায় তারগুলো বিপজ্জনকভাবে ঝুলে আছে। ফলে শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা ও শরীরচর্চা করতে পারছে না।
বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার বলে, “আমরা খুব ভয়ে ভয়ে স্কুলে আসি। মনে হয় তারগুলো এই বুঝি ছিঁড়ে পড়ল।”
ইতিমধ্যে লাইনটি সরানোর জন্য বোয়ালমারী পল্লী বিদ্যুৎ অফিসে লিখিত আবেদন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শাহাজাদী শিরিন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিবুজ্জামান শাহীন জানান, বিদ্যুৎ অফিস থেকে স্থানান্তরের খরচের কথা বলা হলেও স্কুলের পক্ষে তা বহন করা অসম্ভব।
বোয়ালমারী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম দীপু হালদার জানান, আবেদন পেয়ে ডিজাইন চূড়ান্ত করা হয়েছে। ফরিদপুর অফিসের অনুমোদন পেলেই কাজ শুরু হবে। আমরা শুধু অনুমোদনের অপেক্ষা করছি।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। বিদ্যালয়ের উপরের সংযোগগুলো দ্রুত সরানো হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
