সমীর কান্তি বিশ্বাস, বোয়ালমারী
রাজবাড়ীর বালিয়াকান্দিতে যুগের পর যুগ ধরে পেঁয়াজ বিক্রির ক্ষেত্রে চলে আসা ‘ধলতা’ প্রথা বাতিলের দাবি তুলেছেন স্থানীয় কৃষকরা। মণে ৪০ কেজির পরিবর্তে ৪২ কেজি পেঁয়াজ দাবি করায় ব্যবসায়ীদের সেই আবদার সরাসরি নাকচ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল সকালে বালিয়াকান্দি অডিটোরিয়ামে পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ওজনে অনিয়ম প্রতিরোধে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় কৃষকরা অভিযোগ করেন, স্থানীয় বাজারগুলোতে পেঁয়াজ বিক্রি করতে গেলে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মণপ্রতি তিন থেকে চার কেজি পণ্য বেশি আদায় করেন।
প্রতিবাদ করলে কৃষকদের নানাভাবে হয়রানি করা হয়। দীর্ঘদিনের এই শোষণের ফলে প্রান্তিক চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
সভায় ব্যবসায়ীরা সারাদেশের দোহাই দিয়ে মণপ্রতি দুই কেজি অতিরিক্ত পেঁয়াজ বা ধলতা নেওয়ার দাবি জানালেও প্রশাসন তা নাকচ করে দেয়।
ইউএনও চৌধুরী মুস্তাফিজুর রহমান সাফ জানিয়ে দেন, সরকারি নিয়ম অনুযায়ী ৪০ কেজিতেই মণ হিসাব করতে হবে। ধলতার নামে কৃষকদের ঠকানোর কোনো সুযোগ নেই। এরপরও যদি কোনো ব্যবসায়ী বা আড়তদার ওজনে অতিরিক্ত পণ্য দাবি করেন, তবে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক ও বণিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশাসনের এই কঠোর অবস্থানে দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তির আশা দেখছেন রাজবাড়ীর পেঁয়াজ চাষিরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
