নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ ও মানব পাচারের সঙ্গে জড়িত চক্রের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারগুলোর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ইমরান কাজী, শারমিন কাজী ও ইলিয়াস কাজীসহ একটি সংঘবদ্ধ চক্র প্রায় ৮০ থেকে ১০০টি পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। চক্রটি জাল কাগজপত্র ও ভুয়া ভিসা দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছে। ভুক্তভোগীরা জানান, এই চক্রটি বিদেশে পাঠানোর কথা বলে অনেককে আটকে রেখে অমানবিক নির্যাতন চালায়। সম্প্রতি সাতজন সদস্য কোনোমতে প্রাণ বাঁচিয়ে দেশে ফিরে এসেছেন।
বক্তব্য প্রদানকালে বিপুল মাতব্বর ও ইকরাম শিকদার অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। একইসাথে তারা প্রতারিত পরিবারগুলোর আত্মসাৎকৃত অর্থ ফেরত ও জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সচেতন নাগরিকদের এই অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মানববন্ধন শেষ হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
