নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর শহরের গুহ লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ মাজেদা বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকাল সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া মাজেদা বেগম ওই এলাকার ফরিদ বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মুহম্মদ সাইফুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, স্থানীয় রাজু হত্যাকাণ্ডের পর ওই এলাকায় মাদক ব্যবসা স্তিমিত হয়ে এলেও সম্প্রতি শাহিদা বেগমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র আবারও সক্রিয় হয়ে ওঠে। মূলত শাহিদার প্রশ্রয়েই এলাকায় মাদকের বিস্তার ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। শাহিদার নামে একাধিক মামলা থাকলেও তিনি জামিনে বেরিয়ে পুনরায় এই অবৈধ কারবার শুরু করেন।
অভিযান শেষে উপ-পরিদর্শক সাইফুর রহমান বাদী হয়ে মাজেদা বেগমকে প্রধান আসামি করে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। তবে অভিযানের সময় মূল হোতা শাহিদা বেগম পালিয়ে যাওয়ায় তাকেও মামলায় আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
