শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী উপশী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতনের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ডান হাত ভেঙে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। তবে অভিযুক্ত নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ওয়াহিদুজ্জামান নিক্সন ও ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান সিকদার তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে ভোজেশ্বর বাজারের পূর্ব পাশে তিন দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নুরুল আমিন জানান, স্কুলের উন্নয়ন কাজ তদারকি শেষে অটোরিকশায় বাড়ি ফেরার পথে নিক্সন ও মিজানের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল তার গতিরোধ করে। এক পর্যায়ে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হলে তাকে লাঠিসোটা দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার ডান হাত ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
নুরুল আমিনের ছেলে হিমেল বলেন, আমার বাবাকে পরিকল্পিতভাবে হামলা করে মারধর করা হয়েছে। লাঠির আঘাতে তার হাতের হাড় ভেঙে গেছে। আমরা এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে যুবদল নেতা নিক্সন ও মিজান অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তারা নড়িয়া উপজেলায় ছিলেন না এবং সিডিউল সংগ্রহের কাজে বাইরে ছিলেন। তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।
এ বিষয়ে নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল বলেন, ঘটনার কথা শুনেছি। তদন্ত করে দেখা হবে। আমাদের দলের কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
