ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সালথায় ১১ দলীয় জোট প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ

Doinik Kumar
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

74

ফরিদপুর-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী আল্লামা শাহ আকরাম আলীর গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রোববার দুপুরে সালথা উপজেলার বাহিরদিয়া মাদ্রাসা মাঠে সংবাদ সম্মেলন করেছে জোটটি। সংবাদ সম্মেলনে রিকশা প্রতীকের এ প্রার্থীর সমর্থকেরা কাফনের কাপড় পরে প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আল্লামা শাহ মো. আকরাম আলী বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় সালথা উপজেলার জয়ঝাপ বাজার থেকে নির্বাচনী প্রচারণা শেষ করে বুড়িদিয়া বাজারে পৌঁছালে ধানের শীষের একটি মিছিল এসে অশালীন ভাষায় স্লোগান দিতে থাকে। তারা রিকশা প্রতীকের নেতা-কর্মীদের ওপর হামলা করে এবং গাড়ি আটকে দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় তিনি ওই স্থান ত্যাগ করেন।

তিনি বলেন, ‘এমন নেক্কারজনক ঘটনার নিন্দা জানাচ্ছি। আমি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কিত। আমার নেতা-কর্মীদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নেতা-কর্মীদের ধৈর্য ধরতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ ধৈর্যকে দুর্বলতা মনে করলে উদ্ভূত পরিস্থিতির দায় প্রশাসনকে নিতে হবে। এ সময় জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও এনসিপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে স্থানীয় বিএনপি নেতা ইব্রাহিম মোল্যা বলেন, শনিবার রাতে বুড়িদিয়া বাজারে ধানের শীষের নির্বাচনী অফিসে সভা চলছিল। এ সময় রিকশা প্রতীকের প্রার্থীর গাড়িবহর সেখানে আসে। গাড়ি থেকে নেমে কয়েকজন সভার ছবি তোলায় কর্মীরা ধানের শীষের স্লোগান দেন। তবে গাড়িতে হামলার কোনো ঘটনা ঘটেনি। কেবল পাল্টাপাল্টি স্লোগান নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, বুড়িদিয়া বাজারে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে প্রশাসনের টহল অব্যাহত আছে। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।