ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকাগামী মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাতচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার নজরুল ইসলামের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপুর নেতৃত্বে ভাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে দুই দফায় অভিযান পরিচালনা করে।
প্রথম দফায় গত ২২ জানুয়ারি রাত আনুমানিক ২টার দিকে ভাঙ্গা উপজেলার ঢাকাগামী হাইওয়ের ঢাল এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ২৩ জানুয়ারি ঢাকার ডিএমপি এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কামাল উকিল (৪০) ও শাহ আলম শেখ (৩৫), নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার মো. ইনছান মিয়া (২৫), নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মো. রাজু মন্ডল (২৮), নোয়াখালী জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মো. নূর আলম (২৩) এবং ঢাকা জেলার স্ট্যান্ড বাজার এলাকার মো. উজ্জ্বল। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত ও দস্যু দলের সক্রিয় সদস্য।
তারা দেশের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে অবস্থান নিয়ে নিয়মিত ডাকাতি কার্যক্রম পরিচালনা করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
এ বিষয়ে শনিবার (২৪ জানুয়ারি) ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ‘আন্তঃজেলা ডাকাত চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ঘটনায় নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে।’
