ফরিদপুরের সালথায় প্রতিবন্ধী কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. কাইয়ুম মোল্যা (৪৫) নামে দুই সন্তানের এক জনককে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিত প্রতিবন্ধী কিশোরী বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে জানান তার পরিবার। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে তাকে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধুপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়।
তিনি পুরুরা সাধুপাড়া গ্রামের মো. রোকন মোল্যার ছেলে। কাইয়ুম মোল্যা এক ছেলে ও এক মেয়ের জনক।
মামলা সূত্রে জানা গেছে, সম্প্রতি ভাওয়াল ইউনিয়নের ২৮ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণ করেন পুরুরা সাধুপাড়া গ্রামের দুই সন্তানের জনক কাইয়ুম মোল্যা। এতে ওই প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
বিষয়টি জানাজানি হলে শুক্রবার রাতে প্রতিবন্ধী কিশোরীর পবিবার সালথা থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন। মামলা করার পর রাতে অভিযান চালিয়ে কাইয়ুমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ধর্ষণের ফলে এক প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ধর্ষণের ঘটনায় নির্যাতিত কিশোরীর পরিবার মামলা করলে কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। নির্যাতিত প্রতিবন্ধীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
