নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
মঙ্গলবার রাতে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ভ্যানযোগে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতাল চত্বর থেকে পরিচ্ছন্নতা কর্মীসহ দুই ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী টুবেল হরিজন (৩৫) ও ডোমের সহযোগী ইবাদুল মিয়া।
হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী টুবেল হরিজন ও ডোমের সহযোগী ইবাদুল মিয়া একটি ভ্যানগাড়িতে হাসপাতালের বিভিন্ন পরিত্যক্ত সরঞ্জাম অনত্র সরিয়ে নিচ্ছিলেন। এসময় হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্য আব্দুর রাজ্জাক তাদের দুজনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাদের কথাবার্তায় সন্দেহ হলে ভ্যানগাড়ি তল্লাশি করে ১৮০ বক্স সলবিয়ন (Solbion) ভিটামিন ওষুধসহ অন্যান্য ওষুধ উদ্ধার করা হয়। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হলে ওষুধের বাক্সসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মিতু আক্তার বলেন, এটি আসলেই একটি ভয়ংকর ঘটনা। এটি তারা কতদিন ধরে করে আসছেন সেটি দেখতে হবে। আমরা বুধবার একটি তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল হোতাদের খুঁজে বের করবো।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
