নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা
ফরিদপুরের নগরকান্দায় বাবার মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে তাসমিয়া আক্তার(৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দিনগত রাত ৮টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কে নগরকান্দা উপজেলায় ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাসমিয়া খুলনা দাকোপ এলাকার আতাউর রহমানের মেয়ে। আতাউর রহমান গোপালগঞ্জের মুকসেতপুর উপজেলার বাসুদেবপুর জামে মসজিদের ইমাম। তাদের গ্রামের বাড়ি খুলনা দাকোপ এলাকায়।
আতাউর রহমানকে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমান গোপালগঞ্জের মুকসেতপুর উপজেলার বাসুদেবপুর জামে মসজিদে ইমামতি করেন ও ওখানেই পরিবার নিয়ে ভাড়া থাকেন। তিনি ফরিদপুর থেকে ফেরার পথে ঢাকা–বরিশাল মহাসড়কে নগরকান্দা উপজেলায় ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে আতাউর রহমানের মোটরসাইকেল থেকে ট্রাকে চাকার নিচে পড়ে যায় শিশু তাসমিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে আতাউর রহমানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি খুবই হৃদয়বিদারক ঘটনা। বাবার মোটরসাইকেল থেকে পড়ে বাবার সামনেই শিশুটি নিহত হয়। খবর পেয়ে শিশুটির মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
