ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় চাঁদাবাজি ঠেকাতে বিএনপির মাইকিং

Doinik Kumar
অক্টোবর ১৫, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

35

নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির নাম ভাঙিয়ে বেশ কিছুদিন ধরে ‘নীরব চাঁদাবাজি’ চলছে। যা গত ৫ আগস্টের পর থেকে একটি মহল মামলার ভয় দেখিয়ে এগুলো করছে বলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। নিজেদের দলীয় অবস্থান তুলে ধরে চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে আলফাডাঙ্গা উপজেলা বিএনপি মাইকিং করেছে।

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) সাবেক সাংসদ ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নির্দেশনায় আলফাডাঙ্গা পৌর শহরসহ ছয়টি ইউনিয়নে এ মাইকিং করতে দেখা গেছে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কিছু কুচক্রী মহল মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজিতে সক্রিয় হয়ে উঠছে। এমনকি বিএনপির নেতাকর্মীদের নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ও নীরব চাঁদাবাজি করছে। এসব কুচক্রী মহলের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে এবং চাঁদাবাজি বন্ধ করতে উপজেলাজুড়ে মাইকিং করা হয়েছে।

মাইকিংয়ে বলা হচ্ছে, ‘প্রিয় আলফাডাঙ্গাবাসী আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে, আলফাডাঙ্গা পৌর বাজার এবং আশপাশের গ্রামের বিশেষ করে হিন্দু ব্যবসায়ীদের ওপর নানা রকম ভয়-ভীতি দেখিয়ে নতুন নতুন মামলার আসামি বানানোর কথা বলে নীরবে চাঁদাবাজির চেষ্টা চলছে বা করা হচ্ছে।

দয়া করে কেউ এ ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না। অনেকেই নিজেদেরকে বিএনপির নেতা হিসেবে দাবি করছে। এ ধরনের কোনো ব্যক্তি যদি আপনাকে বিএনপির নাম দিয়ে ভয়-ভীতি দেখায় তাহলে তাৎক্ষণিকভাবে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র নেতাকর্মী এবং সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ভুক্তভোগীরা পুলিশ প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করতে পারেন।

মাইকিংয়ের বিষয়টিকে ইতিবাচক হিসেবে জানিয়েছেন এলাকাবাসী। বিএনপি ও বিভিন্ন নেতাদের নাম ভাঙিয়ে এলাকায় বেশ কিছুদিন ধরে নীরব চাঁদাবাজি চলছে। বিএনপি মাইকিং করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্কবার্তা জানিয়ে চাঁদাবাজির বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে।

পানাইল ইউনাইটেড একাডেমির প্রধান শিক্ষক মেহেদী হাসান জানান, বেশ কিছুদিন ধরে শান্তিপ্রিয় আলফাডাঙ্গায় বিরোধী দলীয় ও হিন্দু ব্যবসায়ীদের থেকে কিছু সুবিধাবাদী মানুষ বিএনপির নেতা পরিচয়ে চাঁদাবাজি করছে। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।

আমরা বিএনপি বিশেষ করে সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি এরকম মহতি উদ্যোগ নেওয়ার জন্য।

মাইকিংয়ের বিষয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, ‘জনসাধারণকে সতর্ক করার জন্য সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশনায় এমন মাইকিং করা হচ্ছে। কারণ, কয়েক মাস ধরে দলের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয়েছে। এ কাজের সঙ্গে আলফাডাঙ্গা উপজেলা বিএনপি কোনোভাবেই জড়িত নেই। তাই উপজেলাবাসীকে স্পষ্ট করার জন্য মাইকিং করে বিষয়টি জানানো হয়েছে।’

 

এমন ঘোষণাকে বিএনপির দলীয় ব্যাপার উল্লেখ করে আলফাডাঙ্গা থানার ওসি মো. শাহজালাল আলম বলেন, ‘যেকোনো দলের নেতাকর্মী হোক না কেন, চাঁদাবাজিসহ অপরাধমূলক কোনো বিষয়ে জনসাধারণের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।