নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর
সাতক্ষীরা-৪ আসনের জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের পর এবার নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগে ফরিদপুরের এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মো. ওবায়দুর রহমান ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব স্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওবায়দুর রহমানের ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর আগে গত ১৩ জুলাই জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একই ধরনের একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়।
এ বিষয়ে জানতে মো. ওবায়দুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে আগে ‘দৈনিক কুমার’ পত্রিকায় পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে তিনি দাবি করেন, “আলিয়াবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রঞ্জু ফকিরেসহ কতিপয় ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছে। আধুনিক তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে ভূয়া ভিডিও ও ছবি বানিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।”
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ওবায়দুর রহমানের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির এক সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে ফরিদপুর জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ওবায়দুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জেলা ও স্থানীয় পর্যায়ের কোনো নেতাকর্মী যেন তার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখেন, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের যৌথ স্বাক্ষরে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
