জাহাঙ্গীর হোসেন, বোয়ালমারী
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার মিঠাপুর গ্রামের বাসিন্দা জাবেদুল ইসলামের বিরুদ্ধে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। তবে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন জাবেদুল ইসলাম এবং তাঁর সন্তানেরা। উল্টো নিহতের বাবার পরিবারের মানসিক নির্যাতনের কারণেই ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে পাল্টা দাবি তাঁদের।
এর আগে নিহতের বাবা মোশারফ হোসেন বাদী হয়ে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জাবেদুল ইসলামের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
জাবেদুল ইসলামের ছেলে খালিদ হাসান অভিযোগ করে বলেন, তাঁর মায়ের ব্যাংক হিসাব থেকে জমি কেনার কথা বলে তাঁর নানা ও নানি প্রায় ৬ লাখ টাকা ধার নেন। দীর্ঘদিন পরও সেই টাকা ফেরত না দিয়ে উল্টো নানা-নানি তাঁর মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। টাকার জন্য পরিবারের পক্ষ থেকে দেওয়া এই মানসিক নির্যাতন সহ্য করতে না পেরেই তাঁর মা আত্মহত্যা করেছেন।
এদিকে স্ত্রী পরকীয়ায় জড়িত ছিলেন বলে ওঠা অভিযোগও সম্পূর্ণ অস্বীকার করেছেন জাবেদুল ইসলাম। তিনি দাবি করেন, স্ত্রীর মৃত্যুর পর তাঁর শ্বশুর তাঁর (জাবেদুল) অজান্তেই বাড়ি থেকে সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে গেছেন।
আইনি হয়রানি থেকে বাঁচতে এবং ঘটনার পেছনের প্রকৃত রহস্য উন্মোচনে প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাবেদুল ও তাঁর সন্তানেরা।
