নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের সালথা উপজেলায় মানবপাচারকারী চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করেন, বাহিরদিয়া গ্রামের বাদশা মোল্লার ছেলে এনামুল মোল্লা (২৫) ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে স্থানীয় ২০ থেকে ২৫ জনের কাছ থেকে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেন, কিন্তু কাউকেই ইতালিতে পাঠানো হয়নি। ভুক্তভোগীদের বিভিন্ন ধাপে অর্থ আদায় করে প্রথমে লিবিয়ায় নেওয়া হয়, পরে সেখানে একটি আন্তর্জাতিক পাচারকারী চক্রের কাছে জিম্মি রেখে মুক্তিপণ আদায় করা হয় এবং শারীরিক নির্যাতন চালানো হয়। কয়েকজনের এখনো খোঁজ মেলেনি।
ভুক্তভোগী হুসাইন সর্দার ও ওসমান মোল্লা জানান, লিবিয়ায় আটকে রেখে অতিরিক্ত টাকা আদায়ের জন্য তাদের নির্যাতন ও হত্যার হুমকি দেওয়া হয়েছিল, অর্থ পরিশোধের পর তারা দেশে ফেরেন। মানববন্ধনে অভিযোগ ওঠে, স্থানীয় ইউপি সদস্য মনজুরুল মোল্লা এই চক্রের দালাল হিসেবে কাজ করেছেন, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন।
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
