নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নে শিশু আইরিন আক্তার কবিতাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকা। এই পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রোববার বাদ জোহর গেরদা ইউনিয়নে সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা শিশু হত্যার এই অমানবিক ঘটনাকে চরম বর্বরতা হিসেবে উল্লেখ করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে প্রধান অভিযুক্ত ইসরাফিলসহ সকল সহযোগীর ফাঁসি কার্যকর করার জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি ইসরাফিল মৃধা, শেখ আমিন ও নাছিমা বেগমকে গ্রেপ্তার করে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জাকারিয়া, বিএনপি নেতা বাবলু মাস্টার ও মিলন মেম্বারসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই সমাবেশ থেকে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
