হারুন-অর-রশীদ, ফরিদপুর
ফরিদপুরের সালথা উপজেলায় প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নের লক্ষ্যে নতুন করে ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়বিহীন ও প্রত্যন্ত এলাকায় এসব প্রতিষ্ঠান স্থাপনের একটি প্রস্তাবনা ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে সালথার বেশ কিছু প্রত্যন্ত গ্রামের শিশুদের দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে পাঠ গ্রহণ করতে হচ্ছে।
এতে বিশেষ করে ছোট শিশুরা যাতায়াতে চরম ভোগান্তির শিকার হয়। এই সংকট দূর করতে এবং ঝরে পড়া শিক্ষার্থীর হার কমাতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নির্দেশনায় এই প্রস্তাবনা তৈরি করা হয়েছে। নতুন বিদ্যালয়গুলো অনুমোদিত হলে শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশুদের বিদ্যালয়মুখী করা এবং শতভাগ ভর্তি নিশ্চিত করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, “৭টি নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয় প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমরা আশা করছি, অতিশীঘ্রই বিদ্যালয়গুলো অনুমোদন পাবে এবং দ্রুতই এর বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে।”
নতুন বিদ্যালয় স্থাপনের খবরে উপজেলার শিক্ষাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের মাঝে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে।
স্থানীয় অভিভাবকেরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
