নিজস্ব প্রতিবেদক, সালথা
ভারত থেকে বিধিবহির্ভূতভাবে বাংলাদেশিদের ঠেলে পাঠানোর (পুশ-ইন) অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে নির্ধারিত নীতিমালা অনুসরণ করতে হবে।
শুক্রবার বিকেলে সালথা প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, পুশ-ইন বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লিকে ইতিমধ্যে ১৩টি চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের অবৈধ নাগরিকদের ফেরত নেওয়া বা দেওয়ার জন্য সুস্পষ্ট নীতিমালা রয়েছে এবং ভারত সরকার তা অনুসরণ করবে বলে আশা করেন তিনি।
বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয় নাগরিকদেরও একই নীতিমালা মেনে ফেরত পাঠানো হবে এবং বিষয়টি কূটনৈতিকভাবে সমাধান হবে বলে তিনি জানান।
সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন মেইনস্ট্রিম গণমাধ্যমে পরিণত হচ্ছে, যেখানে প্রায়ই ভুল তথ্য প্রকাশিত হয়। এআই ব্যবহার করে ব্যক্তি ও রাজনৈতিক দলের বিরুদ্ধে ভুয়া সংবাদ তৈরি হচ্ছে, যা মানুষকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
তাই প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই জরুরি বলে মন্তব্য করেন তিনি এবং ভুয়া তথ্যের বিরুদ্ধে সাংবাদিকদের সক্রিয় হওয়ার আহ্বান জানান।
এর আগে ফিতা কেটে সালথা প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী, পরে তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
