নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী
ফরিদপুরের বোয়ালমারীতে খাল খননকাজের সময় পাড়ের তিন শতাধিক গাছ কেটে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। গাছ কাটার ঘটনায় বিএনপির দুই পক্ষ পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। বুধবার (২০ মে) উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে বিএনপির একটি পক্ষ। তারা উপজেলা বিএনপির সভাপতি ও গুনবহা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে গাছ কাটার জন্য দায়ী করে তাঁর গ্রেপ্তারের দাবিতে প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দেন। শুক্রবার (২২ মে) পাল্টা সংবাদ সম্মেলন করে বিএনপির অপর পক্ষ। কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেন, অবৈধভাবে গাছ কাটায় জড়িতদের দলমত নির্বিশেষে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। মধুমতী নদীর নদেরচাঁদ ঘাট থেকে গুনবহা কামারগ্রাম স্লুইসগেট পর্যন্ত প্রায় ৬.১ কিলোমিটার খাল খননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭২ লাখ টাকা। উপজেলা বন কর্মকর্তা দীন মোহাম্মদ মোল্লা জানান, বন বিভাগ থেকে কাউকে গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাকিবুল ইসলাম জানান, গতকাল শনিবার সরেজমিন তদন্ত শুরু হবে। নিয়মবহির্ভূতভাবে গাছ কাটা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
