নিজস্ব প্রতিবেদক, বোয়ালমালী
ফরিদপুরের বোয়ালমারীতে গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের এতিম শিশু কন্যা মুসলিমার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে মঙ্গলবার সকালে উপজেলার সাতৈর গ্রামে শিশুটির বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং পরিবারটিকে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান।
মঙ্গলবার সকালে ইউএনও ওই বাড়িতে পৌঁছে শিশুটির লালন-পালনের যাবতীয় দায়িত্ব গ্রহণের আশ্বাস দেন। এসময় তিনি তাৎক্ষণিকভাবে নিহতের বাবা-মায়ের হাতে নগদ অর্থ, খাদ্যসামগ্রী এবং শিশু মুসলিমার জন্য খেলনা তুলে দেন। ইউএনও জানান, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় তিনি এই পরিবারটির পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতে শিশুটির পড়াশোনাসহ সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ বসু ও সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
নিহত ট্রাকচালকের বাবা সাইদ শেখ অশ্রুভেজা চোখে বলেন, তার ছেলেকে ফেসবুকে মিথ্যা গুজব ছড়িয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় মামলা হলেও অজ্ঞাত নম্বর থেকে তাদের হুমকি দেওয়া হচ্ছে। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন এবং সংকটের মুহূর্তে পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, গত ১ মে নগরকান্দার তালমায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতার গণপিটুনিতে হান্নান শেখ নিহত হন। স্থানীয় সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু জানান, পরিষদের পক্ষ থেকেও ওই শিশুকে নিয়মিত সহায়তা প্রদান করা হবে।
