মেজবাহ্ উদ্দিন, চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ‘নদী ভরা মাছ আর গোলা ভরা ধান’—বাংলার এই হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষে ৬ কিলোমিটার দীর্ঘ খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়ন ও গাজীরটেক ইউনিয়নের পৃথক দুটি স্থানে এ খনন কাজের উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে গৃহীত এই প্রকল্পের মাধ্যমে এলাকার কৃষি ও জীববৈচিত্র্যে ব্যাপক পরিবর্তনের প্রত্যাশা করা হচ্ছে।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে মাটি কেটে ও মোড়ক উন্মোচনের মাধ্যমে এই বিশাল কর্মযজ্ঞের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এক সময় বাংলার ঘরে ঘরে গোলা ভরা ধান ও নদীতে প্রচুর মাছ ছিল। কিন্তু ফারাক্কা বাঁধসহ নানা কারণে আমাদের সেই ঐতিহ্য হারিয়ে গেছে। শুকিয়ে যাওয়া নদী ও খালের কারণে প্রতিবছর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, যা কৃষি ও পরিবেশের জন্য হুমকি। এই খাল খনন সম্পন্ন হলে একদিকে যেমন তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে, অন্যদিকে কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন এবং মাছের চাহিদা পূরণ হবে।
প্রকল্পের তথ্য অনুযায়ী, সদর ইউনিয়নের সবুল্ল্যা শিকদার ডাঙ্গী গ্রামের জাকেরের সুরা ব্রিজ থেকে সর্দার বাড়ি ব্রিজের পশ্চিম পাড় পর্যন্ত ৩ কিলোমিটার এবং গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজার থেকে তেইলী বাড়ি গ্রামের রোকনের বাড়ি পর্যন্ত আরও ৩ কিলোমিটার খাল খনন করা হবে। খনন শেষে খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করা হবে বলেও জানানো হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম মেশকাতুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
