নিজস্ব প্রতিবেদক ■
সাবেক আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বিশাল মূল্যস্ফীতির কারণে জনজীবনে দুর্ভোগ বৃদ্ধি এবং দারিদ্র্যের হার আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তবে বর্তমান সরকার এই সংকটময় পরিস্থিতি মোকাবিলায় এবং জনমানুষের জীবনমান উন্নয়নে বদ্ধপরিকর বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। শুক্রবার বিকেলে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার জনপ্রতিনিধি ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা অংশ নেন।
স্বাগত বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকারের ভুল অর্থনৈতিক নীতির ফলে সৃষ্ট মূল্যস্ফীতি বর্তমান পরিস্থিতিকে আরও উসকে দিতে পারে। এতে নিম্নবিত্ত ও অতি দরিদ্র মানুষের সংখ্যা বাড়ার ঝুঁকি থাকলেও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে সরকার জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ায়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠন করেছিলেন, বর্তমান সরকারও সেই পথ অনুসরণ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করছে। উপদেষ্টা তিতুমীর আরও উল্লেখ করেন, জনগণের ম্যান্ডেট পাওয়া নির্বাচনী ইশতেহার অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার পুনরুত্থান ও ভঙ্গুর অর্থনীতির সংস্কারে কাজ চলছে। বিশেষ করে আঞ্চলিক বৈষম্য দূর করতে রংপুর ও রাজশাহীর পর ফরিদপুরেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। সভায় গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও রাজবাড়ী জেলার সংসদ সদস্যসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
