ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের সরকারি তিতুমীর নিউমার্কেট সাময়িক বন্ধ ঘোষণা

Doinik Kumar
জুলাই ১, ২০২৫ ৯:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

28
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি তিতুমীর বাজার নিউমার্কেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কেটের সামনে থেকে হকারদের উচ্ছেদের দাবিতে ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল সোমবার সকাল থেকে নিউমার্কেটের সকল দোকানপাট বন্ধ রাখা হয়।
ব্যবসায়ী ও ক্রেতা সূত্রে জানা গেছে, নিউমার্কেটের সামনের সড়ক ও ফুটপাতে অবৈধ হকার ও অস্থায়ী দোকান বসার কারণে মূল মার্কেটে ক্রেতা প্রবেশ কমে গেছে। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ক্ষতির প্রতিবাদে এবং হকারমুক্ত পরিবেশ তৈরির দাবিতে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে দোকান বন্ধ রাখেন।
সকালে বাজারে আসা বোয়ালমারীর ক্রেতা মো. মিজানুর রহমান বলেন, “জরুরি কিছু কেনাকাটার জন্য নিউমার্কেটে এসেছিলাম। এসে দেখি সব দোকান বন্ধ। দারুণ ভোগান্তির মধ্যে পড়েছি। অপেক্ষা করছি কখন দোকান খুলবে।”
স্থানীয় ব্যবসায়ী মো. দাউদ হোসেন বলেন, “অনেক টাকা জামানত ও ভাড়া দিয়ে আমরা দোকান নিয়েছি। অথচ ফুটপাতে হকার ও অস্থায়ী দোকানের কারণে ক্রেতারা মার্কেটে আসতে চান না। এতে আমাদের বিক্রি কমে যাচ্ছে এবং আমরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছি। তাই হয়তো এই প্রতিবাদ।”
সরকারি তিতুমীর নিউমার্কেট বাজার পরিচালনা কমিটির সাবেক ক্রীড়া সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, “সাধারণত সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা থাকে। কিন্তু আজ হকারমুক্তির দাবিতে দোকানপাট বন্ধ রাখা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বন্ধ রাখার পক্ষে নই। এতে ক্রেতা-বিক্রেতা উভয়েরই ক্ষতি হয়। তবে ব্যবসায়ীদের ক্ষতির কথাও অস্বীকার করা যায় না। আমরা চাই একটি টেকসই সমাধান।”
বিষয়টি জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, “এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। এ বিষয়ে জেলা প্রশাসককে (ডিসি) ফোন দিন।”
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন বলেন, “ব্যবসায়ীরা তাদের দাবি নিয়ে আমার কাছে এসেছিলেন। আমরা তাদের আশ্বস্ত করেছি এবং দোকানপাট খুলতে বলেছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।