নতুন মৌসুম শুরুর আগেই সুখবর পেল আল-নাসর। বিয়ের পর অনুশীলনে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর পর্তুগিজ মহাতারকার মাঠে ফেরার অপেক্ষায় থাকা সমর্থকদের জন্য আরও আশার খবর দিয়েছেন নতুন কোচ অ্যাঙ্গে পোস্তেকোগ্লু। মৌসুমের প্রথম ম্যাচেই রোনালদোকে মাঠে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
শনিবার সৌদি প্রো লিগের প্রথম ম্যাচে আল-ফাতেহর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আল-নাসর। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে রাত ১২টায়। এই ম্যাচ দিয়েই আল-নাসরের দায়িত্বে আনুষ্ঠানিকভাবে অভিষেক হবে পোস্তেকগ্লুর। তার আগেই দলের অনুশীলনে ফিরেছেন ৪১ বছর বয়সী রোনালদো।
বিয়ের কারণে কিছুদিন দলের বাইরে ছিলেন পর্তুগিজ তারকা। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করার পর এবার আবারও ফুটবলে মনোযোগ দিয়েছেন তিনি। অনুশীলনে ফেরার দিন রোনালদোর নতুন চুলের কাটও নজর কেড়েছে। এর মধ্য দিয়ে শুরু করতে যাচ্ছেন ক্যারিয়ারের ২৫তম সিনিয়র মৌসুম।
প্রথম ম্যাচেই রোনালদো খেলবেন কি না- সংবাদ সম্মেলনে পোস্তেকগ্লুকে এমন প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্ত উত্তর দেন, ‘রোনালদো সবসময়ই প্রস্তুত।’ কোচের এই বক্তব্যে আল-নাসর সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।
রোনালদোর অনুশীলনে ফেরার সময় তাকে স্বাগত জানিয়েছেন পোস্তেকোগ্লু নিজেও। এক ভিডিও বার্তায় অস্ট্রেলিয়ান কোচ বলেন, ‘স্বাগতম ক্রিস, অভিনন্দন। তোমার ও তোমার পরিবারের জন্য আশীর্বাদ রইল।’
নতুন মৌসুমে রোনালদোর সামনে রয়েছে আরও বড় ব্যক্তিগত লক্ষ্য। পেশাদার ফুটবলে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে চান তিনি। এখন পর্যন্ত ক্লাব ও জাতীয় দলের হয়ে ১ হাজার ৩২৬ ম্যাচে তার গোলসংখ্যা ৯৭৬। অর্থাৎ ঐতিহাসিক ওই মাইলফলক থেকে আর মাত্র ২৪ গোল দূরে রয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড।
গত মৌসুমেও আল-নাসরের হয়ে দুর্দান্ত ছিলেন রোনালদো। সৌদি প্রো লিগে ২৮ গোল করে তিনি ছিলেন প্রতিযোগিতার তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। নতুন মৌসুমে তার লক্ষ্য শুধু ব্যক্তিগত রেকর্ড নয়, দলের শিরোপা ধরে রাখার অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।
গত মৌসুমের শেষ দিনে নাটকীয়ভাবে শিরোপা নিশ্চিত করেছিল আল-নাসর। আল-হিলালের সঙ্গে তীব্র লড়াইয়ের পর মাত্র দুই পয়েন্টের ব্যবধানে লিগ শিরোপা জেতে তারা। এবার সেই শিরোপা ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ সামনে নিয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে দলটি।
হোর্হে হেসুসের স্থলাভিষিক্ত হয়ে গত ৩ জুলাই আল-নাসরের কোচ হিসেবে দায়িত্ব নেন পোস্তেকগ্লু। তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে সৌদি ক্লাবটি। প্রথম ম্যাচের আগেই নতুন কোচের সামনে সবচেয়ে বড় কাজগুলোর একটি হচ্ছে তারকা-সমৃদ্ধ দলটিকে সঠিকভাবে পরিচালনা করা এবং রোনালদোসহ গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের কাছ থেকে সর্বোচ্চটা বের করে আনা।
পোস্টেকোগ্লুর মতে, দলের খেলোয়াড়রা নিজেদের প্রস্তুত করেছেন এবং স্কোয়াডে প্রতিযোগিতাও ভালো অবস্থায় রয়েছে। তিনি বলেন, ‘আমার কাজ হলো বর্তমানে যারা এখানে আছে, তাদের নিয়ে কাজ করা। তারা সবাই দলের সঙ্গে আছে। তাদের মধ্যে প্রতিযোগিতা ভালো এবং সবাই ভালো পারফরম্যান্স করছে।’
তবে নতুন মৌসুমে নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে বলেও সতর্ক পোস্তেকগ্লু। তার ভাষায়, দায়িত্ব নেওয়ার সময়ই তিনি সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি ও চ্যালেঞ্জ সম্পর্কে অবগত ছিলেন। এখন সেসব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে দলকে প্রস্তুত করাই তার কাজ।
আর সেই প্রস্তুতির কেন্দ্রে যে রোনালদো থাকবেন, সেটি নিয়ে কোনো সংশয় নেই। ৪১ বছর বয়সেও গোলের ক্ষুধা কমেনি পর্তুগিজ তারকার। সামনে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক, পাশাপাশি আল-নাসরের শিরোপা ধরে রাখার মিশন। সব মিলিয়ে নতুন মৌসুমের শুরুতেই রোনালদোকে ঘিরে আল-নাসর সমর্থকদের প্রত্যাশা তাই আকাশছোঁয়া।
শনিবার আল-ফাতেহর বিপক্ষে ম্যাচেই সেই প্রত্যাশার প্রথম উত্তর মিলতে পারে- মাঠে ফিরেই কি গোলের মিশন শুরু করবেন রোনালদো?
