সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. আবু বকর সিদ্দিকী শাকিল (৩২) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। নিহত শাকিল ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং জেলা শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার স্থায়ী বাসিন্দা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট সৌদি আরবে কাজ শেষে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন শাকিল। চলতি বছরের আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু দেশে ফেরার আগেই প্রবাসে তার এমন অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বর্তমানে তার লাশ বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর পাশাপাশি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও স্বজনরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, শাকিলের লাশের সব ধরনের আইনি তথ্য যাচাই এবং দ্রুত দেশে ফিরিয়ে আনার কাজে নিহতের পরিবারকে যে কোনো সরকারি সহায়তার জন্য পুলিশ প্রশাসন পাশে থাকবে।
