নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাওতিকান্দা গ্রামে গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেন, স্বাধীনোত্তর বাংলাদেশে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নতুন যে মহান সংসদ নির্বাচিত হয়েছে, সেই সংসদের কাছে মানুষের প্রত্যাশা অনেক এবং সংসদও তা বিবেচনায় নিচ্ছে।
তিনি বলেন, এই জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দীর্ঘদিন এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করেনি; একে ‘রাবার স্ট্যাম্প’ বা মাস্টার ভয়েস হিসেবে পরিচালিত হয়েছে বলে অভিহিত করা হতো। তবে এখন জাতীয় সংসদ গণতন্ত্রের রীতিনীতি চর্চার জায়গায় পরিণত হয়েছে, যেখানে সরকারি দল ও বিরোধী দল উভয়ই নিজ নিজ বক্তব্য তুলে ধরতে পারছে। ডেপুটি স্পিকার আরও বলেন, সংসদ সদস্যরা দেশ ও জাতির আগামী দিনের দিকনির্দেশনা দিচ্ছেন এবং আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরছেন। যে ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংসদ নেতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও বিরোধী দলের নেতার সহযোগিতায় দলমতের ঊর্ধ্বে উঠে সংসদকে কার্যকর করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, ভাঙ্গার সহকারী পুলিশ সুপার (সার্কেল) রেজোয়ান দিপু, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
