ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. টপ নিউজ
  8. ধর্ম
  9. পর্যটন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লিড নিউজ
  13. শিক্ষা
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

৭ বছরের বিচারিক লড়াইয়ের অবসান, রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় আজ

Doinik Kumar
নভেম্বর ১৯, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে করা মামলার রায় দিতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। সাত বছর ধরে চলা এই মামলার রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। এতে মিয়ানমারকে রাষ্ট্র হিসেবে গণহত্যার দায়ে অভিযুক্ত করা হলে আন্তর্জাতিক আইনের ইতিহাসে তৈরি হতে পারে এক নজিরবিহীন ঘটনা। কারণ, ১৯৪৮ সালে গণহত্যা সনদ স্বাক্ষরের পর বিভিন্ন সংঘাতে বহু ব্যক্তির বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার হলেও কোনো রাষ্ট্রকে এখন পর্যন্ত গণহত্যার জন্য দায়ী ঘোষণা করেনি আন্তর্জাতিক আদালত।

২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ভয়াবহ সামরিক অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। ওই অভিযানে হত্যা, নির্যাতন, ধর্ষণ ও গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। প্রাণ বাঁচাতে কয়েক মাসের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসে কয়েক লাখ রোহিঙ্গা। মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের অনুসন্ধানী দল এসব নির্যাতনের ঘটনা নথিভুক্ত করে।

২০১৮ সালে জাতিসংঘের একটি প্রতিবেদনেও বলা হয়, রাখাইনে প্রকৃত নিরাপত্তা হুমকির তুলনায় মিয়ানমার সেনাবাহিনীর অভিযান ছিল চরম মাত্রায় অসামঞ্জস্যপূর্ণ। প্রতিবেদনে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্তের সুপারিশ করা হয়। তবে ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে মিয়ানমার সরকার।

রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও বাস্তুচ্যুতির ঘটনাকে জাতিগত নিধন ও গণহত্যা হিসেবে মানতে বরাবরই অস্বীকৃতি জানিয়ে আসছে মিয়ানমার কর্তৃপক্ষ। তাদের দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাবেই তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ পরিচালনা করেছিল মিয়ানমার সেনাবাহিনী।

এই প্রেক্ষাপটে ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা দায়ের করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। মামলায় রাষ্ট্র হিসেবে মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী করা হয়। গাম্বিয়ার যুক্তি ছিল, গণহত্যা সনদে স্বাক্ষরকারী সব রাষ্ট্রেরই এই সনদ বাস্তবায়ন নিশ্চিত করার আইনি স্বার্থ রয়েছে। ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের মামলা করতে পারে।

প্রাথমিকভাবে গাম্বিয়ার মামলা দায়ের করার অধিকার নিয়ে আপত্তি জানায় মিয়ানমার। তবে গাম্বিয়ার মামলাটি গ্রহণযোগ্য বলে সিদ্ধান্ত দেন আইসিজে বিচারকরা।

মিয়ানমারের তৎকালীন বেসামরিক সরকারের প্রধান ও নোবেলজয়ী অং সান সু চি নিজেই নেদারল্যান্ডসের দ্য হেগে গিয়ে দেশের পক্ষে আইনি লড়াইয়ে নেতৃত্ব দিলে মামলাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় মিয়ান সেনাবাহিনীর ভূমিকার নিন্দা না করায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েন সু চি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার জায়গায় মিয়ানমারের জান্তা সরকার মনোনীত নতুন আইনজীবী দল মামলাটি পরিচালনা করছে।

গণহত্যার অভিযোগ প্রমাণ করা আন্তর্জাতিক আইনে অত্যন্ত কঠিন। এক্ষেত্রে শুধু হত্যাকাণ্ড, নির্যাতন কিংবা বাস্তুচ্যুতির প্রমাণ যথেষ্ট নয়; একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য ছিল— এমন প্রমাণও আদালতে উপস্থাপন করতে হয়।

এর আগে, ১৯৯৩ সালে সার্বিয়ার বিরুদ্ধে গণহত্যার মামলা করেছিল বসনিয়া-হার্জেগোভিনা। ১৪ বছর পর ২০০৭ সালে আইসিজে রায় দিয়ে জানায়, স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ড গণহত্যা হলেও সার্বিয়া রাষ্ট্রের সরাসরি গণহত্যার অভিপ্রায় প্রমাণিত হয়নি। তবে গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায়ে সার্বিয়াকে দায়ী করা হয়।

এদিকে, গাম্বিয়ার পক্ষে মামলার নেতৃত্ব দেওয়া আইনজীবী আরসালান সুলেমানের দাবি, রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্য, নাগরিকত্ব আইন এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও চলাচলের ওপর বিধিনিষেধের বিষয়গুলো গণহত্যার অভিপ্রায় বোঝার গুরুত্বপূর্ণ প্রমাণ। তার মতে, এসব নীতির ধারাবাহিকতা ২০১৭ সালের সামরিক অভিযানের প্রকৃত উদ্দেশ্য বুঝতে সহায়তা করে।

আইসিজে গাম্বিয়ার পক্ষে রায় দিলে তা মিয়ানমারের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য বড় ধাক্কা হবে। তবে আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই এবং রায় ঘোষণার পর সরাসরি কোনো শাস্তি কার্যকরের ব্যবস্থাও নেই। ফলে এই রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

রোহিঙ্গা জনগোষ্ঠীর কাছেও রায়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। কানাডায় বসবাসরত রোহিঙ্গা অধিকারকর্মী মোহাম্মদ নওকিমের মতে, দীর্ঘদিনের অস্বীকৃতি ও বঞ্চনার পর এই বিচার তাদের দুর্ভোগের আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে মানবেতর জীবনযাপন করছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় তাদের সংকট আরও গভীর হচ্ছে। অন্যদিকে, রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির সংঘাত চলমান। রাজ্যের বড় অংশ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে এবং স্থানীয় রাখাইন জনগোষ্ঠীর একটি অংশ রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিরোধিতা করছে। ধ্বংস হয়ে গেছে বহু রোহিঙ্গা গ্রামও।

এ অবস্থায় আইসিজের ঐতিহাসিক রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি আনতে পারে। তবে নিরাপদ প্রত্যাবাসন, নাগরিকত্বের স্বীকৃতি এবং নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে শুধু আদালতের রায়ই যথেষ্ট হবে না। প্রয়োজন হবে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ।

তথ্যসূত্র : বিবিসি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।