নিজস্ব প্রতিবেদক, সালথা
ফরিদপুরের সালথা উপজেলায় আধুনিক পাটকল স্থাপনের দাবি জোরালো হয়ে উঠেছে। স্থানীয় কৃষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও প্রশাসনিক কর্মকর্তারা একমত যে, এখানে পাটভিত্তিক শিল্প গড়ে উঠলে বেকারত্ব হ্রাস, দারিদ্র্য বিমোচন এবং স্থানীয় অর্থনীতিতে বড় ইতিবাচক পরিবর্তন আসবে।
ফরিদপুর জেলার প্রায় ৭৫ শতাংশ আবাদযোগ্য জমিতে পাট চাষ হয়। বার্ষিক উৎপাদন ২ লাখ টনেরও বেশি। এর মধ্যে সালথা উপজেলা পাট উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র। কিন্তু এ উপজেলায় কোনো পাটকল না থাকায় উৎপাদিত পাটের বড় অংশ কাঁচামাল হিসেবেই অন্য জেলায় চলে যায়।
পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, সালথায় উচ্চমানের পাট উৎপাদিত হলেও এখানে কোনো প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নেই। আধুনিক পাটকল স্থাপিত হলে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান আসবে।
পাটকল স্থাপিত হলে হাজার হাজার নারী ও পুরুষের সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হবে। বাজার সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু জানান, পরিবহন, গুদামজাতকরণ ও ক্ষুদ্র ব্যবসাসহ বিভিন্ন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, পাটভিত্তিক শিল্প স্থাপিত হলে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে। তিনি জানান, বিষয়টি অচিরেই সংশ্লিষ্ট দফতরে জানানো হবে।
জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পর্যায়ে প্রস্তাব এলে জেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা দেবে এবং স্থানীয় জনগণের প্রত্যাশার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনতে ইতিবাচকভাবে কাজ করবে।
স্থানীয় জনগণ ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, সরকারের উচ্চপর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়া হলে এ অঞ্চলের অর্থনীতিতে বিপ্লব আসবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
