মানিক দাস
ফরিদপুরের অম্বিকাপুর মহাশ্মশানে শ্রীশ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও রাধাষ্টমী উপলক্ষে নয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান চলছে। এর অংশ হিসেবে শুক্রবার (২ অক্টোবর) উৎসবের সপ্তম দিনে শ্রীমদ্ভাগবত পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ করেন বন্ধু কিশোর ব্রহ্মচারী। পদাবলী কীর্তন পরিবেশন করেন যশোরের হরিরামপুরের কৃষ্ণা পাল। পরবর্তী পর্বে দেহতত্ত্বভিত্তিক গান পরিবেশন করেন বাউল শিল্পী লাইলী বেগম।
আলোচনা সভায় বক্তব্য দেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও ফরিদপুর পৌরসভার মেয়র প্রার্থী বেনজির আহমেদ তাবরীজ। অনুষ্ঠানের সফলতা কামনা করে তিনি বলেন, ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার জেলা। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা ভোগ করে আসছেন।
তিনি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন এবং প্রতিবছর এ ধরনের আয়োজন হবে বলে প্রত্যাশা করেন। বক্তব্যে তিনি ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের আগামী দিনের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। এ সময় তিনি আগামী পৌরসভা অথবা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহের কথা জানান এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ভক্ত ও দর্শনার্থী উপস্থিত ছিলেন।
