নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
বেনিফিশিয়ারি’জ ফ্রেন্ডশিপ ফোরামের (বিএফএফ) সংগঠিত দক্ষিণ টেপাখোলা নারী দলের সদস্য শাহনাজ পারভীনের স্বামী শহিদুল ইসলামের মৃত্যুতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সংগঠনটি। মানবিক সহায়তার অংশ হিসেবে শাহনাজ পারভীনের বকেয়া ২৮ হাজার ৩৫০ টাকার ঋণ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। একই সঙ্গে তাঁর জমাকৃত ১৫ হাজার ৪৮৪ টাকা সঞ্চয়ের অর্থ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার ফরিদপুরে বিএফএফ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির শাহনাজ পারভীনের হাতে সঞ্চয়ের অর্থ তুলে দেন এবং ঋণ মওকুফের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এ সময় বিএফএফের হিসাব কর্মকর্তা আশরাফুন্নাহার উপস্থিত ছিলেন।
বিএফএফের দায়িত্বশীলরা জানান, কোনো সদস্য পরিবারে বড় বিপদ এলে সংগঠনটি পাশে থাকার নীতি মেনে কাজ করে। স্বামী হারিয়ে চরম সংকটে পড়া শাহনাজ পারভীনকে ঋণমুক্ত করে ও সঞ্চয় ফিরিয়ে দিয়ে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে।