নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশজুড়ে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জাতীয়তাবাদী কৃষকদল। শুক্রবার গাজীপুরে আয়োজিত এক অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি বাবুল স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন জাতের বৃক্ষের চারা, হাঁস-মুরগির বাচ্চা, সার এবং প্রয়োজনীয় কৃষি ওষুধ বিতরণ করেন। এতে বক্তারা বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে কৃষকদের এমন সহায়তা কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কেবল বৃক্ষরোপণই নয়, সারা দেশে কৃষকদের পুনর্বাসন ও মান উন্নয়নে পর্যায়ক্রমে এ ধরনের কৃষি উপকরণ বিতরণ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।