নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ব্যবসায়ী ইউসুফ ফকিরকে নির্মম নির্যাতনের পর হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার ফরিদপুর প্রেসক্লাবের সামনে চরাঞ্চলবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন প্রফেসর আবদুত তাওয়াব, নিহত ইউসুফ ফকিরের স্ত্রী বেদেনা বেগম ও ছেলে শাহাদাত হোসেনসহ অনেকে। বক্তারা ইউসুফ ফকিরকে অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে সুষ্ঠু তদন্ত, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ১৮ জুলাই নিখোঁজ হওয়ার দুই দিন পর চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট থেকে ইউসুফ ফকিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।