নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

কেবল কর্মসূচির সুফলভোগী হিসেবে নয়, পরিকল্পনা থেকে বাস্তবায়ন—সব স্তরেই সফলভাবে সংস্থা চালাচ্ছেন নারীরা। ফরিদপুরের নারী উন্নয়নভিত্তিক সামাজিক সংস্থা ‘নন্দিতা সুরক্ষা’ নিজেদের প্রতিষ্ঠানে সর্বস্তরে নারী কর্মী ও তরুণ নেতৃত্ব যুক্ত করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক তাহিয়াতুল জান্নাত রেমি জানান, নারীদের সিদ্ধান্তহীনতা ও নেতৃত্বের অভাব সংক্রান্ত সামাজিক ভুল ধারণা ভাঙতেই সম্পূর্ণ নারী-নেতৃত্বাধীন দল গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। তবে কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো লিঙ্গবৈষম্য করা হয়নি; যোগ্যতার ভিত্তিতেই পদের জন্য কর্মী নির্বাচন করা হয়েছে।

বর্তমানে সংস্থাটিতে নির্বাহী পরিচালকের পাশাপাশি প্রজেক্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌসী, প্রজেক্ট অফিসার তানিয়া আক্তার, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার মমতাজ আক্তারী, ফিল্ড অর্গানাইজার মনোয়ারা বেগম ও অফিস সহকারী নিপা বেগমসহ তরুণ নারী কর্মীরা দক্ষতার সাথে কার্যক্রম পরিচালনা করছেন।

বর্তমানে সংস্থাটি RWVL-B, SPACE এবং Shuchona প্রকল্পের মাধ্যমে নারীদের আইনি সচেতনতা, সার্ভিক্যাল ও ব্রেস্ট ক্যান্সার, এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে। পাশাপাশি ডিক্রিরচর ইউনিয়নের ১৮টি গ্রামের ৬০০ জন নারীকে নিয়ে নিয়মিত বৈঠক পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

সংস্থার সভাপতি ফাইজা ফারজানা নিত্য জানান, নারীরাও যে প্রতিষ্ঠান গড়ে সমাজ পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে, নন্দিতা সুরক্ষা তার জীবন্ত উদাহরণ। সুযোগ ও আস্থা পেলে নারীরা পরিবর্তনের মূল চালিকাশক্তি হতে পারেন, সংস্থাটির কাজ সেই সম্ভাবনাই প্রমাণ করছে।