নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর সদরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের লক্ষ্য কৃষকদের পাশে থেকে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা সরাসরি উপকৃত হবেন এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।