নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর সদরের দক্ষিণ চর কমলাপুর এলাকায় পৈতৃক সম্পত্তির বিরোধের জেরে রাশিদা ও তাঁর কন্যাসন্তানদের ওপর বর্বরোচিত হামলা, শ্লীলতাহানি ও চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রাশিদা আক্তার বাদী হয়ে গতকাল রোববার (৫ জুলাই, ২০২৬) ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে একটি নালিশি মামলা দায়ের করেছেন। মামলার বাদী রাশিদা ফরিদপুরের একটি স্থানীয় পত্রিকায় সার্কুলেশনের কাজ করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মূলত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে একটি মামলা দায়ের করায় ৩ জুলাই সকালে ভাগ্নে মনি শিকদার ও বোন মনোয়ারা বেগমসহ ৬ জন আসামি দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে রাশিদা আক্তারের বসতবাড়িতে হামলা চালায়। এসময় প্রধান আসামি মনি শিকদার লোহার রড দিয়ে পিটিয়ে বাদী রাশিদা আক্তারকে গুরুতর জখম করে এবং তাঁর শ্লীলতাহানি ঘটায়। এ সময় বাদীর দুই কন্যাসন্তান (সাক্ষী) মাকে বাঁচাতে এগিয়ে এলে আসামিরা তাঁদেরকেও পিটিয়ে আহত করে।
মামলার বিবরণীতে জানা যায়, রাশিদার ভাগ্নে মূলত তাঁর রাস্তার পাশের জমি দখল করতে চায়। এ কারণে রাশিদা পূর্বেই আদালতের স্মরণাপন্ন হয়ে মামলা দায়ের করে।
এ বিষয়ে রাশিদা দৈনিক কুমারকে জানান, আমার ভাগ্নে আওয়ামীলীগের কয়েকজন সন্ত্রাসীদের এনে আমাকে ও আমার দুই মেয়েকে প্রচন্ড মারধর করে। আমার বাড়ি তৈরী করার ১২ লাখ টাকা এবং আমার মেয়ের কয়েকভরি স্বর্ণা নিয়ে যায়। আমি শারীরিক ও আর্থিক দুই ভাবেই ক্ষতিগ্রস্থ। আমি এর সঠিক বিচার চাই। এ ব্যাপারে প্রধান আসামী মনি শিকদারের বাড়ি গিয়েও তার বক্তব্য নেওয়া সম্ভব নয়নি। এসআই সিরাজ দৈনিক কুমারকে বলেন, আমাদের কাছে দুই পক্ষেরই অভিযোগ এসেছে। আমরা তদন্ত করছি।