নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর সর্বান্দিয়া পাটাদার ডাঙ্গী গ্রামে বসতভিটায় পুঁই শাকের মাচা নির্মাণকে কেন্দ্র করে এক বিধবা নারী ও তাঁর এসএসসি পরীক্ষার্থী মেয়েকে নির্মমভাবে মারধর করেছে প্রতিবেশী প্রতিপক্ষরা। শুক্রবার বিকেলে এ হামলার ঘটনায় পারভীন আক্তার (৪০) ও তাঁর মেয়ে সালমা আক্তার তম্বী (১৮) গুরুতর আহত হন। আহতরা বর্তমানে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ রয়েছে, প্রতিপক্ষরা পারভীনের বসতভিটা থেকে মাচাটি উঠিয়ে ফেললে তিনি বাধা দেন। এতে মিজানুর রহমান, বাশার খান, কাশেম খান, কালাম খান ও নাজিম উদ্দিন খান তাঁকে মাটিতে ফেলে কিল-ঘুষি ও লাথি মারেন। মাকে বাঁচাতে এগিয়ে আসা মেয়ে তম্বীকেও একইভাবে মারধর করা হয় এবং তাঁর পোশাক টেনে ছিঁড়ে ফেলা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী সুবাহান খান বলেন, “ঘটনার সময় অসহায় ও এতিম পরিবারটির মহিলাদের উপর বর্বর হামলা করা হয়েছে।”
তদন্ত কর্মকর্তা চরভদ্রাসন থানার এএসআই জাহাঙ্গীর হোসেন জানান, আহতরা থানায় অভিযোগপত্র দায়ের করেছেন এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে এখনো মামলা হয়নি। প্রতিপক্ষের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ দেওয়া হয়েছে বলে তিনি জানান।