নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর পৌরসভার গোয়ালচামট এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও কৃষিজমি রক্ষার দাবিতে বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে মানববন্ধন, পদযাত্রা ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া পদযাত্রাটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং সেখানে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা জানান, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে গত সাত-আট বছর ধরে জলাবদ্ধতার কারণে শত শত একর তিন ফসলি কৃষিজমি পানির নিচে নিমজ্জিত রয়েছে। এতে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।
বক্তারা পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা অপসারণ, টেক্সটাইল কলেজ সংলগ্ন ব্রিজের নিচে সৃষ্ট প্রতিবন্ধকতার নিরপেক্ষ তদন্ত, খাল পুনঃখনন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদার, জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান লালটু, সম্পাদক অজিত বিশ্বাস ও উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রফেসর নূর আব্দুল্লাহ সাঈদ। গোয়ালচামট আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ জলিল মিয়ার সভাপতিত্বে সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।