নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর সদর উপজেলার পদ্মাপাড়ে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে নর্থচ্যানেল ইউনিয়নের প্রায় অর্ধ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত শত একর ফসলি জমি। ঘরবাড়ি হারানোর আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন বাসিন্দারা।
গতকাল রোববার সকালে সরেজমিনে নর্থচ্যানেল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গী, আসমত আলীর ডাঙ্গী ও শুকুর আলী মৃধা ডাঙ্গী এলাকায় গিয়ে দেখা যায় ভাঙনের ভয়াবহ চিত্র। জমি ও ফসল হারিয়ে দিশেহারা কয়েকশত পরিবার।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের অবাধ বালু লুট ও টেকসই বাঁধ না থাকায় প্রতি বর্ষায় ক্ষতির শিকার হচ্ছেন তাঁরা। চরটেপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মসজিদ ও ইটভাটা এখন হুমকির মুখে। নদী এখন স্কুল-ক্লিনিক থেকে মাত্র ২০০ মিটার দূরে।
ইউপি চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন বিষয়টি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করার কথা জানান। পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন জানান, দ্রুত জিও ব্যাগ ফেলা হবে এবং স্থায়ী বাঁধের প্রকল্প প্রণয়ন চলছে। ইউএনও মেশকাতুল জান্নাত রাবেয়া এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজ নেন এবং জরুরি ব্যবস্থা নিতে পাউবোকে নির্দেশ দেন।