মো. মেজবাহ উদ্দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যা সাতটায় গাজীরটেক ইউনিয়নের বাবলাতলা মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন উপজেলার চর সর্বান্দিয়া গ্রামের জমির পাটাদারের ছেলে মিন্টু পাটাদার (৪১)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেজিস্ট্রেশনবিহীন পুরোনো ট্রাকটি জেলা শহরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মিন্টু ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ এবং চালক আবির আহাম্মেদকে (২০) গ্রেফতার করে। চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সড়ক দুর্ঘটনায় মৃত্যু মর্মে   সুরতহাল রিপোর্ট দেন। এ ঘটনায় চরভদ্রাসন থানায় মামলা হয়েছে।