ফরিদপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উদ্যাপিত
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার শহরের কমলাপুরস্থ হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ও জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, “যারা আমাদের ভোট দিয়ে বিএনপিকে পুনরায় শক্তিশালী করেছেন, তাদের সর্বপ্রথম ধন্যবাদ জানাই।” তিনি জিয়াউর রহমান, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া চান।
সম্প্রীতির আহ্বান জানিয়ে চৌধুরী নায়াব ইউসুফ আরও বলেন, “এখানে মুসলিমদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরাও আছেন। আমরা সবাই মিলে যেন একটি অসাম্প্রদায়িক ফরিদপুর গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশা করছি।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, মহানগর বিএনপির আহ্বায়ক এম এ এফ কাইয়ুম জঙ্গী, সদস্যসচিব এ বি সিদ্দিক মিতুল ও আলী রেজওয়ান বিশ্বাস তরুণ।
দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় চিকিৎসক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই দোয়া মাহফিলে শরিক হন। অনুষ্ঠান শেষে উপস্থিত কয়েক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।