নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চক ভবানীপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে ওই গ্রামের সালেহা বেগমের বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানা-পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি একটি বিদেশি ৯ এমএম পিস্তল। পিস্তলের ভেতরে এক রাউন্ড তাজা গুলি পাওয়া গেলেও এর ম্যাগাজিনটি উদ্ধার করা যায়নি। ঘটনার পর থেকে অভিযুক্ত অস্ত্রধারী রেজাউল শিকদার পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তমপুর গ্রামের বাসিন্দা রেজাউলের সঙ্গে তাঁর স্ত্রী শারমিন আক্তারের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। গত এক বছর ধরে তাঁরা আলাদা থাকছিলেন। ঈদের ছুটিতে শারমিন সন্তানদের নিয়ে চক ভবানীপুরে বাবার বাড়িতে বেড়াতে আসেন। রোববার রাতে রেজাউল সেখানে গিয়ে স্ত্রীকে জোরপূর্বক সঙ্গে নেওয়ার চেষ্টা করেন।
ব্যর্থ হয়ে রেজাউল কোমর থেকে পিস্তল বের করে ভয়ভীতি দেখান এবং একপর্যায়ে আতঙ্ক সৃষ্টি করতে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে শারমিনের মা সালেহা বেগম কৌশলে পিস্তলটি নিজের কাছে রেখে দেন। সোমবার সকালে তিনি বিষয়টি প্রতিবেশী ও পুলিশকে জানান।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে রেজাউল ম্যাগাজিনসহ পালিয়ে যান। পুলিশ পিস্তল ও গুলি জব্দ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।