বিশেষ প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে দুই দেশের মধ্যকার অংশীদারত্ব আরও জোরদারের অঙ্গীকার করা হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরসহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠককালে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা এবং রোহিঙ্গা সংকটের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানায়, সফরকালে প্রতিমন্ত্রী মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু ভেপার্কের সঙ্গেও বৈঠক করেন।
এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে টেকসই প্রত্যাবাসনে যৌথভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়।
এছাড়া ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং আটলান্টিক কাউন্সিলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পৃথক বৈঠকে বসেন প্রতিমন্ত্রী। এসব বৈঠকে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির প্রতি সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন। সম্পর্কের এই ইতিবাচক গতি বজায় রাখতে নিয়মিত উচ্চপর্যায়ের সংলাপ আয়োজনের ওপর উভয় পক্ষই বিশেষ গুরুত্বারোপ করেছে।