নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর সদর থানার আলিয়াবাদ ইউনিয়নে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি জিহাদ খানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। রোববার মাদারীপুরের শিবচর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার জিহাদ খান ফরিদপুর কোতোয়ালি থানার উত্তর সাদিপুর গ্রামের হাশেম খানের ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, আলিয়াবাদ ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামে ঘটনাটি ঘটার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফরিদপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলামের নির্দেশে এবং সদর থানার সার্কেল এএসপি আজমীর হোসেনের সহযোগিতায় একটি বিশেষ দল দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে শিবচর থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
ঘটনার মাত্র তিন দিনের মধ্যে মূল আসামি ধরা পড়ায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ জানিয়েছে, আসামিকে ফরিদপুর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে দ্রুততম সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।