নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ঐতিহ্যবাহী শ্রীধাম শ্রীঅঙ্গনে আগামী ২২ মে শুক্রবার শ্রীমৎ পবিত্রবন্ধু দাসের ‘বিরহ মহোৎসব’ অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে বিহানমে সম্প্রদায়। এ উপলক্ষে শ্রীঅঙ্গন প্রাঙ্গণে নানা ধর্মীয় আচার ও ভক্তিমূলক কর্মসূচির প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বিহানমে সম্প্রদায় সূত্রে জানা গেছে, উৎসবের সূচি অনুযায়ী শুক্রবার সকাল ৯টায় বিদেহী আত্মার উদ্দেশ্যে মহাপ্রসাদ অর্পণ করা হবে। এরপর দুপুর ১২টায় শ্রীশ্রী প্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ অর্পণ এবং ১২টা ৩০ মিনিটে সাধুভাণ্ডারা অনুষ্ঠিত হবে।
বিকেল ও সন্ধ্যার কর্মসূচির মধ্যে রয়েছে— দুপুর ১টায় ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৪টায় কীর্তনমেলা এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সন্ধ্যারতী।
আয়োজক কমিটি এই বিরহ মহোৎসবে সংশ্লিষ্ট সকল ভক্ত ও ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।